দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: রাঙ্গা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার গত বছর ৫০ হাজার মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রফতানি করেছে। বঙ্গবন্ধুর শাসনামলের সাড়ে তিন বছর দেশকে ধ্বংসাবশেষের হাত থেকে রক্ষা করেছিলেন। বিআরডিবি ও সমবায় নিজের হাতে তৈরি করেছিলেন। বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ধারা অব্যাহত রেখেছেন। জননেত্রী শেখ হাসিনা সুদক্ষ ও দৃঢ় নেতৃত্বের কারণে আমারা সমুদ্র জয়সহ বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি পাস হয়েছে।’
শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণে প্রযুক্তিগত কলাকৌশল বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণোত্তর কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দরিদ্র মানুষের জন্য এ সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সুদবিহীন ঋণ প্রদান করা হচ্ছে।’
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আশফাক আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু নাসের জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল জলিল মিয়া, উপ-পরিচালক মুহম্মদ রাশিদুল মামুন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দলইপাড়া সমিতির সভাপতি উপকারভোগী কৃষক রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জৈইন উদ্দিন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল প্রমুখ।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি