ভারতের সকল প্রকার ভিসাপ্রাপ্তি সহজ করা হবে : সোমনাথ হালদার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
শনিবার বেলা সাড়ে এগারোটায় নগরীর কাট্টলীস্থ মনজুর আলমের বাসভবনে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার।
এসময় সাবেক মেয়র মনজুর আলম ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দু`দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপচারিতা হয়। এসময় মেয়র মনজুর আলম ভারতীয় সহকারী হাইকমিশনারকে বিগত সাড়ে চার বছর মেয়রের দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে মেয়র পুত্র ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সরোয়ার আলম উপস্থিত ছিলেন।
আলাপচারিতার একপর্যায়ে মনজুর আলম বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহী রোগী এবং তাদের অভিভাবকরা ভিসা পেতে নানা ভোগান্তির সম্মুখীন হন।
তিনি বলেন, ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সূত্রিতার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসার জন্য ভারতে যেতে পারেনা। ফলে অনেকেই উন্নত চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করেন।
মনজুর আলম ভারতীয় সহকারী হাইকমিশনারকে চিকিৎসার জন্য ভিসা প্রত্যাশিদের ভিসা প্রাপ্তি সহজীকরণ এবং দীর্ঘ সূত্রিতা কমাতে অনুরোধ জানান।
এছাড়া অন্যান্য ভিসার ক্ষেত্রেও সহজ পদ্ধতির ব্যবস্থা করতে অনুরোধ করেন।
এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, বাংলাদেশের যে কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।
তিনি বলেন, অতীতের মতো চট্টগ্রামের উন্নয়নে ভারত সরকার যে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এছাড়া ভারতে চিকিৎসার জন্য ভিসা প্রত্যাশিদের ভিসাপ্রাপ্তি সহজীকরণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।
এমএএস/পিআর