বাণিজ্য সংগঠনগুলো আশার প্রতিফলন ঘটাতে পারেনি


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৭ মে ২০১৫

চট্টগ্রামের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাণিজ্য সম্প্রসারণে সংগঠনগুলো ব্যবসায়ীদের আশার প্রতিফলন ঘটাতে পারেনি। বিগত সময়ে বাণিজ্য সংগঠনগুলোর আশানুরূপ কোন প্রতিফলন দেখিনি। শনিবার রাতে নগরীর হল টোয়েন্টিফোরে এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব কথাগুলো বলেন।

আগামী ২৩ মে এফবিসিসিআই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী পরিচিতির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্নয়ন পরিষদের প্যানেল লিডার আব্দুল মাতলুব আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় সংসদ সদস্য এম এ লতিফ তার সঙ্গে ছিলেন। মঞ্চে উপস্থিত হওয়ার পর ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মেয়র ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, আপনারা আমাকে যে প্রত্যাশা থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। ব্যবসায়ীদের জন্য নিরাপদ নগরী গড়ে তুলবো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, এফবিসিসিআই নির্বাচনে ডেপুটি প্যানেল লিডার মো. হেলাল উদ্দিন, বারবিডার হাবিব উল্লাহ ডন, নিজাম উদ্দিন রাজেশ, কে এম আকতারুজ্জামানসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।