শীর্ষ থেকে সবার নিচে সিলেট


প্রকাশিত: ১০:১৭ এএম, ৩০ মে ২০১৫

যেকেনো পাবলিক পরীক্ষার ফলাফলে সবার নিচের অবস্থানটি একসময় সিলেটের জন্য প্রায় বরাদ্দ করাই ছিল। গত কয়েক বছরে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। এই আশাব্যঞ্জক পরিবর্তন ঘটে সিলেটের শিক্ষাক্ষেত্রে। দেশের সকল বোর্ডের মধ্যে একাধিকবার শীর্ষস্থানও অর্জন করে সিলেট। তবে টানা উন্নতির পর এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আবার পিছিয়ে পড়েছে সিলেট।


এ বছর আটটি সাধারণ ও মাদরাসা এবং কারিগরিসহ মোট ১০টি শিক্ষাবোর্ডের মধ্যে সবার নিচে রয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ’র নির্বাচনী এলাকার সিলেট শিক্ষাবোর্ডের অবস্থান। এতে ক্ষুদ শিক্ষামন্ত্রীও অনেকটা হতাশ বলে তার ঘনিষ্টজনদের কাছ থেকে জানা গেছে। এবারে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) ৮১ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে দেশের ৮ শিক্ষাবোর্ডের মধ্যে সবার পেছনে অবস্থান সিলেটের। অথচ গত তিন বছর ধরে শীর্ষে অবস্থান ছিলো সিলেটের। আর ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার নিয়ে সবার শীর্ষে রাজশাহী বোর্ড।


সাধারণ ৮টি শিক্ষা বোর্ডগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ঢাকা শিক্ষাবোর্ড। ঢাকায় পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তৃতীয় স্থানে উঠে এসছে দিনাজপুর শিক্ষাবোর্ড। তাদের পাশের হার ৮৫ দশমিক ০৫ শতাংশ। চতুর্থ বরিশাল শিক্ষাবোর্ড। তাদের পাশের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ। পঞ্চম হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। তাদের পাশের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ৬ষ্ঠ হয়েছে যশোরে ৮৪ দশমিক ০২ শতাংশ। সপ্তম হয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। তাদের পাশের হার ৮২ দশমিক ৭৭ শতাংশ। আর সবার শেষে অষ্টম স্থান অর্জন করেছে সপ্তম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। সিলেটে ৮১ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

মাদরাসা বোর্ডের গড় পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ। গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭, মদরাসা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ। তবে এবার মাদরাসা ও কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে।


এতে দেখা যায়, দেশের ১০টি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪২ হাজার ২৭৬ পরীক্ষার্থী। সে হিসেবে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

# এসএসসির ফল : দুই সূচকেই পিছিয়েছে সিলেট

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।