কুমিল্লায় ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৯ আগস্ট ২০১৭

কুমিল্লায় ছুরিকাঘাত ও গুলি করে ছিনতাইকৃত ৪০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকার মদিনা ভিলা নামের একটি বাসায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আবদুস সালাম ও বিল্লাল হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের হিসাব রক্ষণ কর্মকর্তা ও গাড়ি চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।

এদিকে, ৪০ লাখ টাকা ছিনতাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কোম্পানির হিসাব রক্ষণ কর্মকর্তা মাঈন উদ্দিন ও গাড়িচালক বিল্লাল হোসেনসহ তিনজনকে গ্রেফতার করে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযানে এই পর্যন্ত ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ছিনতাইকৃত পুরো টাকা উদ্ধারে আমরা আশাবাদী। খুব শিগগিরই সুখবর পাওয়া যাবে। পুরো টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশ ও ডিবির একাধিক টিমের অভিযান অব্যাহত থাকবে।

গত সোমবার নগরীর মনোহরপুর এলাকায় অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংক থেকে রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের হিসাব রক্ষণ কর্মকর্তা মাঈন উদ্দিন ৪০ লাখ টাকা উত্তোলন করে মাইক্রোযোগে অফিসে যাওয়ার পথে ওই টাকা ছিনতাই হয়।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।