মানব পাচারকারী রাজ্জাক গ্রেফতার
জেলার বাঁশখালীর পুঁইছড়ি এলাকা থেকে শীর্ষ মানব পাচারকারী আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এলাকা থেকে শীর্ষ মানবপাচারকারী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। আব্দুর রাজ্জাক জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ পাঁচ পাচারকারীদের মধ্যে অন্যতম। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত মানবপাচার প্রতিরোধ কমিটির তালিকাতেও তার নাম রয়েছে।’
ওসি আরো বলেন, ‘গ্রেপ্তারের পর আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাকে মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির করার কথা রয়েছে। তখন বিস্তারিত সবকিছু জানানো হবে।’
ওসি জানালেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মানবপাচার প্রতিরোধ আইনে তিনটি মামলা রয়েছে।
এলএ