সোনারগাঁয়ে সাইবার অপরাধ চক্রের ৫ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৫:০৩ এএম, ০২ জুন ২০১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফোনের আইএইআই নম্বর পরিবর্তনসহ সাইবার অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে কাঁচপুর সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মাকসুদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, বিপ্লব হোসেন ও মেহেদী হাসান। তাদের কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ধরনের ৫টি ডিভাইস, একটি ল্যাপটপ, ১শ মোবাইল সেট, ৩টি সিপিও, ৩টি মনিটর ও বিভিন্ন ধরনের আনুসাঙ্গিক মালামাল আটক করা হয়। এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর মতিন খাঁন প্লটের ২টি দোকানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের নামে সাইবার অপরাধ পরিচালনা করে আসার খোঁজ পান সোনারগাঁ থানার উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ। তিনি কৌশলে ওই দুটি দোকানে গিয়ে তার কাছে থাকা ৫টি মোবাইল ফোন সেট দিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করার জন্য তাদের সঙ্গে চুক্তি করেন। দোকান দুটিতে থাকা সাইবার অপরাধ চক্রের সদস্যরা ওই ৫টি মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার কাজ শেষ করে। সোমবার বিকেলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরের নেতৃত্বে পুলিশ ওই দোকান দুটিতে অভিযান চালায়।

সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জাগো নিউজকে জানান, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত মূল আসামিরা যাতে সহজেই পার পেয়ে যান সেজন্য আন্তর্জাতিক মানের কয়েকটি হ্যাকার চক্র দেশে গোপনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ হ্যাকার চক্র তাদের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনের গোপন পাসওয়ার্ড আইএমইআই নম্বর মুছে ফেলা ও পরিবর্তন করার কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ হ্যাকার চক্রের মূল লক্ষ্য পুলিশ প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে অপরাধীরা নির্বিঘ্নে একের পর এক অপরাধ সংগঠিত করে চলতে পারে সেই ব্যাপারে সহায়তা করা।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে কোনো অপরাধ সংগঠিত হলে পুলিশ প্রশাসনসহ দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের কল লিস্ট ও মোবাইল ফোনের আইএমইআই নম্বর সন্ধান করতে প্রথমেই কাজ করে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের পুলিশ প্রশাসনসহ বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছ থেকে আড়াল করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক সাইবার অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠেছে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।