অভিনবভাবে প্রবাসীর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, অতঃপর...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া স্বামী-স্ত্রীর পরিচয়ে অভিনবভাবে এক প্রবাসীর স্ত্রীর (৩৫) সঙ্গে সাড়ে তিন বছর শারীরিক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুয়া স্বামী গোলাম মোস্তফাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে মোস্তফাকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় গৃৃহবধূর মা বাদী হয়ে গোলাম মোস্তফার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন।

গ্রেফতার গোলাম মোস্তফা বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল এলাকার আশরাফ আলী জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার লালবাগ আজিমপুরের ৭৫ নং নয়াপল্টন লাইন এলাকায় বসবাস করেন।

গৃহবধূর মা মামলায় উল্লেখ করেন, বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল এলাকার ওই গৃহবধূর ২০০৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী কুয়েত চলে যান। তাদের সংসারে এক ছেলে রয়েছে। যার বর্তমানে বয়স ১০ বছর। গৃহবধূ তার স্বামীকে কুয়েত রেখে ২০০৯ সালে বাংলাদেশে চলে আসেন।

এরপর গৃহবধূকে তার স্কুল জীবনের গৃহশিক্ষক মোস্তফা তার আগের স্ত্রী-সন্তানের কথা গোপন করে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় নানা ধরনের ভয়ভীতিসহ হুমকি দেয়া হয় গৃহবধূকে।

একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং গৃহবধূর আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করে বিয়ের প্রস্তাব দেয়া হয়। ২০১২ সালের জুন মাসে মোস্তফার সঙ্গে গৃহবধূ কক্সবাজার গিয়ে বিয়ে করেন। এরপর তারা স্বামী-স্ত্রীর মত মেলামেশা শুরু করেন।

২০১৬ সালের আগস্ট মাসে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার মিনা কাজির বাসা ভাড়া নেন তারা। কিন্তু ওই বাসায় গৃহবধূকে রেখে মাসে দু-তিনবার আসা-যাওয়া করতেন মোস্তফা।

সর্বশেষ ২০১৬ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ এসে মেলামেশা করে চলে যান মোস্তফা। ওই দিন গৃহবধূ মোস্তফাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে নানা ধরনের টালবাহানা শুরু করেন তিনি।

এরপর থেকে গৃহবধূর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মোস্তফা। পরে গৃহবধূ কক্সবাজারে গিয়ে কাজী অফিস খুঁজ নিয়ে জানতে পারেন তাদের বিয়ে হয়নি। ওই কাবিন ছিল ভুয়া। তার সঙ্গে দীর্ঘদিন প্রতারণা করেছেন মোস্তফা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, প্রতারণা করে একটি সুন্দর সংসার ভেঙে গৃহবধূকে ভুয়া কাবিন করার কথা বলে স্বামী-স্ত্রীর মত দীর্ঘদিন মেলামেশা করেছে মোস্তফা। গৃহবধূর ধর্ষণ মামলায় প্রতারক মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।