ব্রিজ না থাকায় সাঁকো দিয়েই ঝুঁকিপূূর্ণ যাতায়াত


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৬ জুন ২০১৫

এক যুগ ধরে বরিশালের আগৈলঝাড়ায় একটি ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ শত শত লোকজন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করছেন। এ ব্যাপারে এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামে উপজেলা পরিষদের রাস্তার সাথে পানি উন্নয়ন বোর্ডের সংযোগ সড়কের খালের উপর একটি বাঁশের সাঁকো দীর্ঘ ১২ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সাঁকোটি দিয়ে প্রতিদিন শত শত পথচারীসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রী যাতায়াত করছে। অনেক সময় যাতায়াতকারী পথচারীরা সাঁকো ভেঙে নিচে পড়ে আহত হয়।

ইউনিয়ন পরিষদ থেকে কোন সাহায্য সহযোগিতা না করায় প্রতি বছর ব্যক্তি-উদ্যোগে এ বাঁশের সাঁকো তৈরি করা হয়। এখানে এলজিইডি বিভাগ থেকে কোন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত না নিলেও উপজেলার বিভিন্ন স্থানে তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদিত বাড়ির জন্য একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তারা এলজিইডি বিভাগে লিখিত ও মৌখিকভাবে বার বার আবেদন জানালেও কোন কাজ হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, ওই জায়গা ছাড়াও উপজেলার ১০-১২টি স্থানে ব্রিজের প্রয়োজনীয়তার কথা উল্লে­খ করে ঢাকা অফিসে কাগজপত্র পাঠানো হয়েছে।

এসএস/এমএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।