মুজাহিদের ফাঁসি : চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সহিংস পরিস্থিতি মোকাবেলায় নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় আপিলেও রয়েছে। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দিয়েছেন।
এতে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও সহিংসতার আশঙ্কা করছে প্রশাসন। ফলে সকাল থেকে নগরী ও জেলায় মোট আট প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া রয়েছে সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ।
আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর এসব সদস্য যেকোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানান নগর পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ। তিনি বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি আমরা কঠোরভাবে মোকাবেলা করব।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাছান বলেন, উপজেলাগুলোতে রাতেই অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সহিংসতা হলে বিজিবি সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হবে।
বিএ/আরআইপি