চট্টগ্রাম থেকে কাজ শুরু করলো পিবিআই


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২০ জুন ২০১৫

চট্টগ্রাম থেকে এফবিআই’র আদলে কাজ শুরু করেছে বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর আদলে গঠন করা হয়েছে বাংলাদেশের এ সংস্থাটিকে।

অপরাধ সংঘটনের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অপরাধের ধরণ খুঁজে বের করা এবং অপরাধী শনাক্তের জন্য কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে পিবিআইকে।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ২০১৪ সালের এপ্রিলে ইউনিটটির কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। গত এক বছরে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে ইউনিটে যুক্ত হয়েছেন ১২ জন সদস্য। সংস্থাটিতে গাড়ি, অত্যাধুনিক সরঞ্জামও এসেছে।

চট্টগ্রামে পিবিআইয়ে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও ৬ জন পুলিশ পরিদর্শক এবং ৫ জন উপ-পুলিশ পরিদর্শক আছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সংঘটিত চাঞ্চল্যকর মামলায় অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার বিষয়টি মাথায় রেখে ২০১১ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নামে একটি পৃথক তদন্ত ইউনিট গঠনের প্রস্তাব করা হয়।

তদন্তাধীন মামলার জট কমাতে মূলত প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই এ ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বছরই পুলিশ অ্যাক্ট ১৮৬১-এর সেকশন ১২-এর ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পিবিআই গঠিত হয়।

পুলিশ অ্যাক্ট ১৮৬১-এর সেকশন ১২ অনুযায়ী পিবিআই ১০টি বিশেষ ধরনের মামলার তদন্ত করতে পারবে। মামলাগুলো হচ্ছে, খুন, ডাকাতি ও খুনসহ ডাকাতি, ধর্ষণ, অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলা, সাইবার ক্রাইম, মানব পাচার, চোরাচালান ও কালোবাজারি, অপহরণ, মুক্তিপণ ও মাদকদ্রব্য সংক্রান্ত  অপরাধ।

পিবিআই’র জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, আদালতে নির্দেশে ১১টি মামলা তদন্তের দায়িত্ব আমরা পেয়েছি। ফটিকছড়ির সমিতির হাটে দুই গ্রুপের মারামারির ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত গত ১২ জুন থেকে আমরা শুরু করেছি।

১১টি মামলার মধ্যে নগরীর খুলশী, আকবর শাহ, কোতয়ালি থানা এলাকার জায়গা-জমি নিয়ে বিরোধ, মারামারি, হাঙ্গামার মামলা আছে বলে তিনি জানান।

এসকেডি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।