সুন্দরবনের বিপন্ন প্রজাতির ঝিনুক বোঝাই ২টি ট্রাক আটক


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৫ জুন ২০১৫

সুন্দরবনের বিপন্ন প্রজাতির বিপুল পরিমাণ ঝিনুক বোঝাই ২টি ট্রাক আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। বুধবার খুলনার পাইকগাছা এলাকা থেকে সুন্দরবনের পশ্চিম বিভাগের বন কর্মকর্তা-কর্মচারীরা ট্রাক ২টি আটক করে। ট্রাকগুলো খুলনায় পশ্চিম বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে রাখা হয়েছে।

সূত্র জানায়, সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় চোরাকারবারীরা দীর্ঘদিন ধরেই সুন্দরবনের মূল্যবান সম্পদ পাচার করে আসছেন। বন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বনিবনা না হওয়ায় ঝিনুকের এই চালানটি ধরা পড়ে। তবে প্রতি মাসে এরকম ২০ থেকে ২৫টি চালান কয়রা এবং পাইকগাছা থেকে দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। এ চালানটি ধরা পড়ার পর তা ছাড়িয়ে নেয়ার জন্য পাচারকারীরা জোর তৎপরতা চালালেও শেষ অবধি রক্ষা হয়নি।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জহির উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে বিপন্ন প্রজাতির ঝিনুক সংগ্রহ করে ট্রাকে অন্যত্র পাচার করার চেষ্টা হচ্ছিল। এসময় খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঝিনুক বোঝাই ২টি ট্রাক আটক করেন। তবে ট্রাক ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আটক হওয়া এ ঝিনুক সুন্দরবনের বিপন্ন প্রজাতির বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সিজার লিস্ট তৈরি করে বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আদালত যে নির্দেশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।