সাভার উপজেলার উপ-নির্বাচনের নির্দেশ


প্রকাশিত: ১০:১৭ এএম, ২৫ জুন ২০১৫

সাভার উপজেলা পরিষদে উপ-নির্বাচনের আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব কফিল উদ্দিনকে স্থায়ীভাবে অপসারণ করে এ নির্বাচনের আদেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

জানা যায়, ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধ চলাকালে সাভারে একাধিক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি। এসব ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

এদিকে, চেয়ারম্যান কফিল উদ্দিনের অনুপস্থিতিতে উপজেলা পরিষদের সকল কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। বিষয়টিকে আমলে নিয়ে চলতি মাসের শুরুর দিকে দুই ভাইস চেয়ারম্যানসহ উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বরখাস্ত অবস্থায় বৃহস্পতিবার চেয়ারম্যান কফিল উদ্দিনকে স্থায়ী অপসারণের আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনকে স্থায়ী অপসারণের একটি আদেশ নির্বাচন কমিশন পেয়েছে বলে জেনেছি। তবে এখনও সেটি আমাদের হাতে আসেনি। আদেশ পেলে উপ-নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।