বরিশালে নারী উদ্যোক্তাদের ঈদ মেলা শুরু
ঈদ উপলক্ষে বরিশালে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান। এসময় সাংসদ টিপু সুলতান বলেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, বর্তমান মহাজোট সরকার নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের সহায়কমূলক ঋণ কর্মসূচি চালু করেছে। এর সুফল আজকের নারীদের উৎপাদিত পণ্যের মেলা।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদিকা মাকসুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু।
এরপর অতিথিরা মেলায় নারীদের উৎপাদিত পণ্যের স্টল ঘুরে দেখেন। মেলায় বরিশালসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২০টি স্টল অংশ নিচ্ছে। আগামী ২ জুলাই পর্যন্ত মেলা চলবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
সাইফ আমীন/এমজেড/আরআই