খুলনায় ভবন ধসে স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ১০:২০ এএম, ২৭ জুন ২০১৫

টানা বর্ষণে খুলনায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ধসে আবিদা আরিফিন শাপলা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে নগরীর আহসান আহমেদ রোডের একটি দ্বিতল ভবন ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আবিদা আরিফিন শাপলা ওই এলাকার ইমামুল হাকিম টিটোর মেয়ে।

প্রতিবেশীরা জানান, নগরীর ৫১ আহসান আহমেদ রোডস্থ বাড়ির বাসিন্দা টিটো ও তার পরিবারের সদস্যরা নিজ বাসভবনে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে সকালে দ্বিতল ভবনের মাঝ বরাবর ধসে ঘুমন্ত শাপলার ওপর পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইমামুল হাকিম টিটো জানান, একই সময় পাশের কক্ষে ছোট ছেলে ফয়সালসহ অন্যরা থাকলেও তারা অক্ষত রয়েছে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ভবনের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ সরদার বলেন, কয়েক দিনের বৃষ্টিতে পুরনো এ ভবনটির ভিত নড়বড়ে হওয়ায় ছাদের একাংশ ধসে পড়ে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিহত শাপলা নগরীর সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।