সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৭ জুন ২০১৫

রাজশাহীর তানোর শাখা সোনালী ব্যাংক থেকে আইটি কর্মকর্তা নাজির হোসেন সোহেলের কোটি টাকা আত্মসাতের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে আছেন। বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কর্তৃপক্ষ তানোর থানা ও রাজশাহী দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করেছে ।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, তানোর সোনালী ব্যাংকের তথ্য প্রযুক্তি (আইটি) শাখার কর্মকর্তা নাজির হোসেন সোহেলের বিরুদ্ধে ব্যাংকের এক কোটি ১৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে সে পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে মামলার তদন্ত চলছে তাই বেশি কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।

সোনালী ব্যাংকের তানোর শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান জাগো নিউজকে জানান, ব্যাংকের আইটি কর্মকর্তা সোহেল জিএল ফান্ড থেকে টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে তানোর থানায় ও রাজশাহী দুর্নীতি দমন কমিশন অফিসে পৃথক মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে তদন্ত শেষ না হলে মোট কত টাকা আত্মসাৎ হয়েছে এ বিষয়ে কিছু বলা যাবে না।

এদিকে, একই ব্যাংকের খালেদ নামের অপর এক কর্মকর্তা ব্যাংকের ৪২ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে তদন্তে প্রাথমিকভাবে ধরা পড়েছে। এরপর থেকে ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত খালেদকে সাময়িক বরখাস্ত করেছেন।

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।