কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১১:০৬ এএম, ০২ নভেম্বর ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- উপজেলার দক্ষিণবাগ (মাঝিপাড়া) গ্রামের রওশন আলীর ছেলে জাকির হোসেন (৩৫), মৃত ওমর আলীর ছেলে আলামিন হোসেন (২৫), আফসু মাঝির ছেলে মামুন মাঝি (২৫), আবদুস সালাম মাঝির ছেলে আবদুস সাত্তার মাঝি (২৮)।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আলম চাঁদ জানান, গত ২৬ অক্টোবর রাত ৩টার দিকে ১৪-১৫ জনের অজ্ঞাত মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে।

সেখানে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বেশ কিছু মূল্যবান জিনিপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

ডাকাতির সময় নুরুল ইসলামে স্ত্রী সাজেদা বেগম অজ্ঞাত এক ডাকাতের মুখোশ টেনে খুলে ফেলে। এ সময় ওই ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও সাজেদা বেগম তাকে চিনে ফেলেন। পরে তিনি অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে থানায় মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে দক্ষিণবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তারা ওই ডাকাতির সঙ্গে এবং অন্য ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ছাড়া মামলার অন্য আসামিদের ব্যাপারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা মামলার অগ্রগতিতে সহায়ক হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আব্দুর রহমান আরমান/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।