প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত : প্রধান বন সংরক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৮ নভেম্বর ২০১৭

প্রধান বন সংরক্ষক (সিসিএফ) শফিউল আলম চৌধুরী বলেছেন, পাহাড়ের বাগান পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে হলে পরিচর্যা ও দেখভাল করা দরকার। পাহাড় ও প্রকৃতি আমাদের অক্সিজেনের পাশাপাশি জীবন ধারণের নানা উপকরণ দেয়। তাই গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে যত্নবান হতে হবে।

তিনি বলেন, সরকারি বাগান রক্ষায় এগিয়ে আসার ফলে ব্যক্তি পর্যায়েও লাভবান হওয়া যায়। এটি আজকে সমাদৃত। এলাকায় এলাকায় উপকারভোগীরা লভ্যাংশের চেক পাচ্ছে এটা দেখে উপকারভোগীর উত্তরসূরীরা বাগান রক্ষায় এগিয়ে আসবে। পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার কক্সবাজার সদরের ঈদগাঁওর ভোমরিয়াঘোনাস্থ ঈদগাঁও রেঞ্জের সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে ও ঈদগড় রেঞ্জের কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবির, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান হাজি ছৈয়দ আলম।

ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের স্বাগত বক্তব্যের পর উপকারভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, আমিন আবদুল্লাহ আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদরের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন, দক্ষিণের বন সংরক্ষক আবদুল হাই আজাদ, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহীসহ বিভিন্ন রেঞ্জের বন বিটের আওতাধীন বিপুল সংখ্যক উপকারভোগী।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।