গাজীপুর বিএমএ শাখার সার্বিক কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না মেনে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে বিএমএ গাজীপুর শাখার সার্বিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিএমএ’র ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মো. কামরুল হাসান। একই সঙ্গে বৃহস্পতিবার গাজীপুর বিএএমএ’র অনুষ্ঠিতব্য নির্বাচন স্থাগিত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিএমএ গাজীপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে গাজীপুর বিএমএ’র বর্তমান সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত ও ডা. পারভেজ হোসেনের নেতৃত্বে একটি প্যানেল এবং ডা. মনিরুজ্জামান ও ডা. প্রণয় ভূষন দাশের নেতৃত্বে অপর একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিল। নির্বাচনের আগে সভাপতি প্রার্থী ডা. মনিরুজ্জামান বর্তমান সভাপতি ও নির্বাচনের সভাপতি প্রার্থী ডা. আমীর হোসাইন রাহাতের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচন স্থগিত ও বর্তমান কমিটির সার্বিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। সেই সঙ্গে বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ সমূহের তদন্ত কার্যক্রম পরিচালনা ও সুপারিশের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানতে চাইলে ডা. আমির হোসেন রাহাত বলেন, গঠনতন্ত্র মেনেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। তারপরও কেন্দ্রের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।

এ প্রসঙ্গে মনিরুজ্জামান-প্রণয় ভূষণ প্যানেলের সাধারণ সম্পাদ প্রার্থী ডা. প্রণয় ভূষণ দাশ বলেন, গঠনতন্ত্র না মেনে বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করেছিলেন। নির্বাচন স্থগিত হওয়ায় এখন নিয়ম অনুযায়ী প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।