জেএসসি পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১২:২১ পিএম, ১০ নভেম্বর ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে মিম আক্তার (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান এ বাল্য বিয়ে বন্ধ করেন।

বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া মিম আক্তার পৌর এলাকার মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, উপজেলার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামের কবির হোসেনের মেয়ে মিম আক্তারের সঙ্গে মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মহিউদ্দিনের (২৫) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় বর ও কনেসহ দুই পক্ষের অভিভাবককে ইউএনও অফিসে ধরে নিয়ে আসা হয়। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে পক্ষ বিয়ে দেবে না এবং বর পক্ষ বিয়ে করবে না বলে মুচলেকা প্রদান করেন।

বর নরসিংদী জেলার পার্শ্ববর্তী পলাশ উপজেলার জনতা জুট মিল নামের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।