উখিয়ায় নৌকাসহ ১২৫ রোহিঙ্গা উদ্ধার, মাঝি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০১৭

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় এলাকা ইমামের ডেইল সমুদ্র সৈকত থেকে ১২৫ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা জব্দ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কূলে ভিড়তে গিয়ে নৌকাটি পুলিশের নিয়ন্ত্রণে আসে। নিষেধাজ্ঞার পরও রোহিঙ্গাদের বহন করায় নৌকার মাঝিকে আটক করেছে পুলিশ।

আটক মাঝির নাম আবদুল মাজেদ (৩৭)। তিনি ওই ইউনিয়নের সোনারপাড়া এলাকার আবুল শামার ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা তীরে আসলে পুলিশ সদস্যরা সেটি জব্দ করে। এখানে নারী, শিশু ও পুরুষ মিলিয়ে প্রায় ১২৫ জন রোহিঙ্গা রয়েছে। যাদের অধিকাংশই শিশু ও নারী। নিষেধাজ্ঞা অমান্য করে রোহিঙ্গা বহনের দায়ে বোটের মাঝি মাজেদকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি সংকটের পর থেকে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করে আশ্রয় দিচ্ছেন সেহেতু হেফাজতে নেয়া ১২৫ রোহিঙ্গাকে যথাযথ তল্লাশির পর কুতুপালং ক্যাম্পে পাঠানোর উদ্যোগ চলছে। আটক মাঝিকে সাজার আওতায় এনে নৌকাটি সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।