ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১২ নভেম্বর ২০১৭

কক্সবাজারের উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটকের পর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে বালুখালী অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত) সোহেল রানা এ অভিযান চালান।

সাজাপ্রাপ্ত নারীর নাম ফাতিমা জিন্নাহ মনোয়ারা (২৯)। তিনি উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের বাসিন্দা আলী আকবরের স্ত্রী।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মানবিক আশ্রয়ে আসা রোহিঙ্গারা ক্যাম্পে মাদকের বিকিকিনি করছে এমন অভিযোগের ভিত্তিতে ঝটিকা অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার অভিযানকালে ফাতিমা জিন্নাহ মনোয়ারাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিকের সামনে মাদক বহন ও বিক্রির অপরাধ স্বীকার করায় মনোয়ারাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে বালুখালী ক্যাম্পের পুলিশ সদস্য ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন। ইতিপূর্বে এক রোহিঙ্গা সেলুন মালিকসহ আরও বেশ কয়েকজনকে ইয়াবাসহ ধরে সাজার আওতায় আনেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।