যারা জেল-জুলুম ভয় পায় তারা বড় নেতা হতে পারে না : কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রসংশিত হয়েছেন। এটি সইতে না পেরে সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি। কারণ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।

রোববার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, যারা জেল-জুলুমের ভয়ে দেশে আসে না তারা কখনও বড় নেতা হতে পারে না। জেল- জুলুম ভয় পেয়ে বছরের পর বছর যারা বিদেশে আছেন তারা সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারেন না।

রোহিঙ্গা ইস্যু নিয়ে সারাবিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে পূর্ণ নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করেই মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, শামসুল আলম এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সহ-সভাপতি ওসমান গণিসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।