রোহিঙ্গাদের মাঝে ওষুধ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ওষুধ ও বিভিন্ন রকমের ত্রাণ বিতরণ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার দুপুরে কুতুপালং ডি ব্লক আর্মি ক্যাম্পে এসব বিতরণ করেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান।

ওষুধ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, অধিকাংশ রোহিঙ্গা নানা রোগব্যাধিতে আক্রান্ত। সরকার পরিচালিত মেডিকেল ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে এক কোটি ৩২ লাখ ৬০ হাজার অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী সকল প্রকার ওষুধ সামগ্রী সিভিল সার্জন অফিসে সরবরাহ করা হয়েছে। অন্যদিকে নিপীড়িত রোহিঙ্গাদের চিকিৎসাসেবা সম্প্রসারণ করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওষুধ শিল্প সমিতি সহায়তা দিচ্ছে।

মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, চিড়া ইত্যাদির এক হাজার প্যাকেট খাবার সামগ্রী এবং দেড় মেট্রিক টন চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করতে সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান খোকন, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমদ রবিন ইস্পাহানি প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।