ময়মনসিংহের হত্যা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার


প্রকাশিত: ০৪:২১ এএম, ০৭ জুলাই ২০১৫

ময়মনসিংহের নান্দাইলে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হিরণ মিয়া ওরফে কিলার হিরণকে (২০) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। হিরণ হত্যা মামলায় অভিযুক্ত ৩নং আসামি ছিলেন।

১২-বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে ময়মনসিংহ গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিজয়নগর উপজেলার বিষ্ণপুর সীমান্তে অভিযান চালায়। এসময় আসামি হিরণ পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে দৌঁড়ে গিয়ে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের অনুরোধে আসামি হিরণ মিয়াকে গ্রেফতারে বিজিবি ডিবি পুলিশকে সহায়তা করেছে।

উল্লেখ্য, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বাশাপাতি গ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত ৫ জুলাই বিকেলে ১৩ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।