খাবার নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্রকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির জেরে এক ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আহত ছাত্রের নাম মো. আসাদুজ্জামান (২৪)। তিনি ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে ৭টার মধ্যে ছাত্রদের হলত্যাগের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় কলেজ ছাত্রবাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ওই কলেজের শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসের ডাইনিং রুমে আগে খাবার নেয়াকে কেন্দ্র করে আসাদুজ্জামানের সঙ্গে একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই ছাত্রবাসের নিবাসী ফেরদৌসের কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ মো. নূরুজ্জামান খান ও ছাত্রাবাস সুপার কাউসার আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিটমাট করে দেন। তারা ঘটনাস্থল থেকে ফেরার পর পরই ছাত্রাবাসের সামনে আসাদুজ্জামানকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত আসাদুজ্জামানের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা জানান, এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে ৭টার মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের এসআই হুমায়ূন কবির-১ জানান, খাবার নেয়াকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। ছাত্রবাস বন্ধ ঘোষণা করায় কলেজ ছাত্রবাস এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।