কক্সবাজারে বাণিজ্যমেলা শুরু শুক্রবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারে বালিয়াড়িতে হাটা ও সাগরে দেখা এবং সুদৃশ্য ভবনে গা এলিয়ে ঘুমানো ছাড়া বিনোদনের কিছু নেই- পর্যটকদের এমন অভিযোগ দীর্ঘদিনের। বাস্তবেও তা। যা নিয়ে স্থানীয় বিনোদনপ্রেমীরা হতাশ। তাই পর্যটন মৌসুমে পর্যটক ও স্থানীয়দের জন্য উপভোগ্য নানা আয়োজন নিয়ে বীচ এলাকায় বসছে বাণিজ্যমেলা।

সৈকত তীরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লাগোয়া পর্যটন গলফ মাঠে এবারের বাণিজ্যমেলা বসছে। বিনোদনের দৃষ্টিনন্দন নানা আয়োজনে শুক্রবার সন্ধ্যায় পর্দা উঠছে মাসব্যাপী বাণিজ্যমেলার।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এবং কক্সবাজার চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সাংসদ সাইমুম সরোয়ার কমল, আশেক উল্লাহ রফিক, মো. ইলিয়াছ ও আবদুর রহমান বদি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা ও সম্পাদক মুজিবুর রহমান।

মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাহেদ আলী শাহেদ জানান, মেলার রাউন্ডে এবার ১০৬টি স্টল ও ১৮টির মত প্যাভিলিয়ন বসছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ, রাজশাহী সিল্ক, হোমডেস্ক, কিয়াম, নোহা ও চায়না বাংলার নানা প্রতিষ্ঠান।

শিশু ও পর্যটকদের বিনোদনের জন্য ট্রেন-নৌকা রাইড, কার গেইমসহ জাদু প্রদর্শনী, সার্কাস, নাগর দৌলা, এসএস শিশু পার্কসহ (দুবাই বেলুন) নানা প্রকারের ব্যবস্থা। রুচিশীল খাবার আনছে ঢাকা চটপটি, মামা হালিম, ইজা ড্রাইড। রয়েছে দেশের নামকরা প্রতিষ্ঠানের পাঞ্জাবি, নানা ধরনের ফ্যাশন সরঞ্জামাদি, জুয়েলারি সামগ্রী ইত্যাদি।

মেলাস্থল পরিদর্শন করে দেখা যায়, মেলার পরিবেশ নান্দনিক ও সুন্দর করতে মোঘল স্থাপত্যের আদলে করা হয়েছে প্রবেশপথ। যা সব বয়সী মানুষের নজর কাড়ছে। বসানো হয়েছে পানির ফোয়ারা।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা জানান, পর্যটনের স্বার্থে এখানকার মেলাকে আন্তর্জাতিক মানের করার চেষ্টা থাকে সবসময়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পর্যটক ও স্থানীয়দের বাড়তি বিনোদন যোগাবে মেলাটি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, দেশের পর্যটনকে বিশ্বময় করতে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। পর্যটন মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকরা বাণিজ্যমেলায় পছন্দের কেনাকাটার পাশাপাশি বাড়তি বিনোদন উপভোগ করতে পারবেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।