বিডিরেন্ট ডটনেট চালু করল ডুয়েট ছাত্ররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে ২৯টি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করল অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিরেন্ট ডটনেট। শনিবার বিকেলে মহানগরীর বিআইডিসি সড়কের জয়দেবপুর কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. নাছিম আখতার। উদ্যোক্তারা হলেন, ডুয়েটের সিইসি তৃতীয় বর্ষের ছাত্র হাসিবুল হাসান, একরামুল হক, সোহাগ এবং মাহফুজুর রহমান ও আহসান হাবিব খান।

তারা জানান, ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনামূল্যে তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন বিডিরেন্টের মাধ্যমে দিতে পারবেন। এতে করে বিজ্ঞাপনদাতারা ঘরে বসেই তাদের প্রোডাক্ট অনলাইনে ভাড়া দিতে ও নিতে পারবেন। হোম, অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, অফিস, শপ, হোটেল, মোটেল, বিল্ডিং, বোট, বিভিন্ন ধরনের যানবাহন, অ্যাডস্পেস ও মিউজিক্যাল যন্ত্রপাতিসহ ২৯টি ক্যাটাগরির সুবিধা নেয়া যাবে।

বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবহারকারীরা ওই সেবাগুলো ভাড়া দিতে ও ভাড়া নিতে পারবেন। তাদের যাতে ভাড়া দেয়া বা নেয়ার ক্ষেত্রে কোনো রকম ঝামেলায় না পড়তে হয় সেজন্য ওয়েবসাইটটিতে (https://bdrent.net) ফোন ভেরিফিকেশন অপশন রয়েছে। বিভিন্ন হয়রানি বা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ভাড়া প্রদানকারী ও গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ফোন নম্বর ভেরিফাই করে নিতে পারবেন। এ ছাড়া ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন নম্বর ভেরিফাই করা আছে কি-না, তাও দেখতে পারবেন।

ফোন নম্বর ভেরিফাই করার জন্য ব্যবহারকারীকে তার প্রোফাইলে ফোন নম্বরের স্থানে দেশের কোডসহ (+৮৮০) নম্বরটি দেয়ার পর সেভ বাটনে ক্লিক করলে ভেরিফাই বাটন আসবে। পরে ভেরিফাই বাটনে ক্লিক করলে মেসেজের মাধ্যমে একটি গোপন নম্বর মোবাইলে আসবে। ওই নম্বরটি নির্দিষ্ট বক্সে দিলেই ফোন নম্বর ভেরিফাই হয়ে যাবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিডিরেন্ট থেকে কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করার পর ওই প্রোডাক্টের গুণগতমান ভালো ছিল কি না, তা রেটিং ও কমেন্টে জানাতে পারবেন। ব্যবহারকারীরা যে কোনো সমস্যায় সাপোর্ট সেন্টারে কল করে পরামর্শ বা সাহায্য নিতে পারবেন।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।