উখিয়ায় টমটমের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কক্সবাজারের উখিয়ায় টমটমের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উখিয়ার কোটবাজারের ঝাউতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মোহাম্মদ মুসলিম। সে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল গ্রামের মৃত মোজ্জাফর অাহমদের ছেলে ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে পালং অাদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মুসলিম। এ সময় কোটবাজার ঝাউতলা এলাকায় টমটমের ধাক্কায় সে ঘটনাস্থলে নিহত হয়।
উখিয়া থানা পুলিশের ওসি অাবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আইআই