উখিয়ায় আটক ১১ বিদেশি নাগরিক মুচলেকায় মুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজারের উখিয়ায় আটক ১১ বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে পুলিশ। অনলাইনে পাসপোর্টের কপি উপস্থাপনের পর মুচলেকা নিয়ে শুক্রবার রাতে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

এর আগে পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে যাবার পথে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে পুলিশে দেয় র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

আটক বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুইজন, নেদারল্যান্ডের একজন, তুরস্কের একজন, দক্ষিণ কোরিয়ার একজন, জেনিয়ার একজন, ইতালির দুইজন, ব্রাজিলের একজন, বেলজিয়ামের একজন ও নরওয়ের এরজন নাগরিক ছিলেন। তবে তাদের নাম জানায়নি প্রশাসন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিদেশি নাগরিকরা জানিয়েছেন- তারা বৈধ পাসপোর্টধারী। সাতজনের পাসপোর্ট ঢাকা ও বাকি চারজনের পাসপোর্ট কক্সবাজার রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক বিদেশি নাগরিকরা ইমেইলে তাদের পাসপোর্টের কপি উপস্থাপন করে। আর এ ধরনের ভুল হবে না মর্মে মুচলেকায় রাতেই তাদের ছেড়ে দেয়া হয়।

ওসি আরও বলেন, খবর নিয়েছি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে এনজিও ব্যুরো থেকে তাদের সবার অনুমতি রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।