লঞ্চ থেকে পড়ে নিখোঁজ, বুড়িগঙ্গায় ব্যবসায়ীর মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজের তিনদিন পর বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ী ইব্রাহীমের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহীম লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পৌর পূর্ব কাদিরখিল গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি রাজধানীর মিরপুরে বাইসাইকেল পার্টসের ব্যবসা করতেন।
ফতুল্লার পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ জানান, ২০ এপ্রিল দুপুরে ঢাকা থেকে ঈগল-৩ লঞ্চে চাঁদপুর যাওয়ার পথে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে পড়ে যান ইব্রাহীম। তখন নিখোঁজের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করা হয়।
এরপর থেকে পুলিশ নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চালালেও ইব্রাহীমের সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরে মরদেহটি ভেসে উঠলে নৌ-ফাঁড়ি পুলিশ সেটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর