ফতুল্লায় চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা সড়কের পঞ্চবটিতে অটোরিকশা-ইজিবাইক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. লিটন (৩৫), মো. আল আমিন (৩৫), মো. হাসান হওলাদার (৩০) ও মো. রাজু (২৮)। তারা জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা কাউছার আহম্মেদ পলাশ সমর্থিত বলে পুলিশ জানিয়েছে। এ সময় চাঁদা উত্তোলনের চারটি রশিদ বইসহ নগদ ২ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পঞ্চবটিতে অটোরিকশা-ইজিবাইক আটক করে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় চাঁদা উত্তোলনের ৪টি রশিদ বইসহ চাঁদার ২ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি