চৌগাছায় দু’দল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোরের চৌগাছায় দু’দল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে’ শহীদ হোসেন মল্লিক (৪০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে চৌগাছা উপজেলার আফরা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে।
নিহত শহীদ হোসেন যশোরের শার্শা উপজেলার কাগমারি গ্রামের শওকত আলী মল্লিকের ছেলে।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বুধবার ভোরের দিকে পুলিশ খবর পায় চৌগাছা উপজেলার আফরা গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে না পারলেও শহীদ হোসেনের ভাই মনির হোসেন যশোর হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মিলন রহমান/এফএ/আরআইপি