খালে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৮ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খালে চাইপাতা দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া (২৩) ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল বাড়ির সামনে খালে মাছ ধরার জন্য চাইপাতা পাততে যান। এতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার লোক সুজন। এতে তর্কবিতর্ক শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় সুজন নিহত হন। এছাড়া বাবুল, লিটন, আছমা, হযরত আলী, আবুল হাসানসহ ১০ জন আহত হন।

আড়াইহাজার থানার ওসি এমএ হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।