চাঁদা তোলার সময় ভুয়া ট্রাফিক সার্জেন্ট গ্রেফতার
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় মো. রনি (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ভুয়া কেস স্লিপসহ নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রনি সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মো. কামরুল ইসলাম বলেন, রনি দীর্ঘদিন ধরে নিজেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে যানবাহনে চাঁদাবাজি করে আসছিল।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কয়েকটি যানবাহনের নম্বর নোট করে মামলা দেয়ার ভয় দেখিয়ে চাঁদা তোলার সময় তাকে গ্রেফতার করা হয়। রনির বিরুদ্ধে ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। রনির কাছ থেকে ভুয়া কেস স্লিপসহ ৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
শাহাদাত/এএম/এমএস