যশোরে ৯ জেব্রা উদ্ধার মামলার চার্জশিট দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০১৮
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ৯টি জেব্রা উদ্ধার মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই খাইরুল আলম এ আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযুক্তরা হলো, যশোরের বাগআঁচড়া সাতমাইল গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে তুতু, পুটখালি গ্রামের উত্তর পাড়ার আবুল সরদারের ছেলে আলমগীর হোসেন মুক্তি, সামটা গ্রামের মৃত নওশের আলীর ছেলে ইদ্রিস আলী, নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে ঢাকা উত্তরার বাসিন্দা রানা ভূঁইয়া, বগুড়ার আদমদিঘী উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে ঢাকা তুরাগ থানার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা কামরুজ্জামান বাবু এবং মৃত জাকির হোসেনের ছেলে ইয়াছিন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৮ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পেরে শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুর হাটে তুতুর খাটালে কয়েকটি জেব্রা ভারতে পাচারের জন্য এনে রাখা হয়েছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালায় যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই খাটাল থেকে ৮টি জীবিত ও ১টি মৃত বিদেশি বন্যপ্রাণী জেব্রা জব্দ করা হয়। তবে ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেব্রা চোরাকারবারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত তুতু ও আলমগীর হোসেনকে পলাতক দেখানো হয়েছে। বাকি চারজন আটকের পর জামিনে মুক্ত রয়েছেন।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।