যশোর সিটি কলেজে তরুণীর পলিথিন মোড়ানো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:১১ পিএম, ৩০ আগস্ট ২০১৮

যশোর সরকারি সিটি কলেজ থেকে পলিথিন মোড়ানো এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে কলেজের মসজিদের পাশ থেকে হাত-পা বাঁধা (আনুমানিক ২৫ বছর) মরদেহটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত হয়নি।

স্থানীয়রা জানান, বুধবার রাতে তারা বিকট গন্ধ পেয়ে সিটি কলেজ মসজিদের কাছে ডোবার পাশে যান। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ বাড়ে। এরপর স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটির সদস্যরাও আসেন সেখানে। তারা এসে নিশ্চিত হন পলিথিনে মরদেহ মোড়ানো রয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পলিথিনবন্দি মরদেহ দেখতে পায়। ওই তরুণীকে খুন করে হাত-পা বেঁধে পলিথিনবন্দি করা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে হতভাগী ওই তরুণীকে কলেজ ক্যাম্পাসে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, আর এর সঙ্গে কারা জড়িত সেটা পুলিশ এখনও জানতে পারেনি।

মিলন রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।