গ্রেফতার দেখানোর পর রনিকে রিমান্ডে নিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে (৩০) একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার দেখানোর পর তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে রিমান্ড শুনানি করা হয়। শুনানি শেষে রনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে রনিকে গ্রেফতার করে বিকেলে ফতুল্লা থানা পুলিশের এসআই শাফিউল আলম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের বলেন, সোমবার সকালে রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় রনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠালে তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়।

ওসি আরও বলেন, মশিউর রহমান রনির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে রনিকে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, রনিকে পাওয়া গেছে এটাই বড় বিষয়। রনি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাকে উদ্দেশ্যমূলকভাবে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসানো হয়েছে। জেলা ও ফতুল্লা বিএনপির পক্ষ থেকে রনিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

গত ১৫ সেপ্টেম্বর রাত থেকেই নিখোঁজ ছিল রনি। তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে দাবি করে রোববার (১৬ সেপ্টেম্বর) পরিবার ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।