ইভটিজিংয়ের দায়ে দেবিদ্বারে চার বখাটের দণ্ড


প্রকাশিত: ০১:২৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর এআর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে স্থানীয়দের সহায়তায় চার বখাটেকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম (২১), মোশারফ (১৫), সোলেমান (১৪) এবং এনামুল হোসেন (১৬)। এরা সবাই উপজেলা সদরের দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

দেবিদ্বার থানার এসআই নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, বখাটে সাইফুল প্রায়ই তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর এআর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো। সোমবার দুপুরে সে তার অপর সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে ইভটিজিং করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী অভিযুক্ত মোশারফ, সোলেমান ও এনামুল হোসেন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং সাইফুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।