ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৮ মে ২০১৯

নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া গ্রামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে অন্তত ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আহতরা হলেন, উপজেলার ধামনপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সহকারী কর কমিশনার আরিফ হোসেন (৩২) ও আকাশ হোসেন (২৫) এবং বাহারম খানের ছেলে আসাদুল গণি (৩০)।

আটকরা হলেন, ওই গ্রামের সবুর খানের ছেলে রেজোয়ান খান (১৮), ইকবাল খানের ছেলে শিবলু খান (১৮), হিজু শেখের ছেলে নজরুল ইসলাম (৩০) ও সোহেল খানের ছেলে মোহন খান।

নলডাঙ্গা থানা পুলিশের ওসি মো. শফিকুর রহমান জানান, রাতে তারাবির নামাজ শেষে ধামনপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে লোকমান মেম্বারের পক্ষ ও ইউসুফ আলী টুটুলের পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বুধবার এ নিউজ লেখা পর্যন্ত নলডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।