ডামুড্যায় স্বতন্ত্র প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল (জগ) প্রতীকে পাঁচ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) পৌরসভার স্থগিত দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বিজয়ী মেয়রের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত কামাল উদ্দিন আহমদ (নৌকা) প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৭৩ ভোট, বিএনপি মনোনীত নাজমুল হক সবুজ মিয়া (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৪৪০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর হোসেন মাদবর (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন ৬৪৯ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি (রোববার) এ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় পৌরসভার ২ ও ৫ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আজ (রোববার) স্থগিত হওয়া ওই কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ হয়।

ওই নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল (জগ) পেয়েছিলেন ৩ হাজার ৯৭৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত কামাল উদ্দিন আহমদ (নৌকা) প্রতীক পেয়েছিলেন দুই হাজার ৩২৬ ভোট। এক হাজার ৬৪৯ ভোটে এগিয়ে ছিলেন স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রাজা।

এ পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২৫৯। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ২৯৯ জন ও পুরুষ ৫ হাজার ৯৬০ জন।

মো. ছগির হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।