বেহাল সড়ক, প্রায়ই উল্টে যাচ্ছে পরিবহন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম সড়কের একটি মলয়বাজার বাসস্ট্যান্ড-পিতাম্বর্দী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক ভূঁইয়া সড়ক। সড়কটি দিয়ে দিনে হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
মলয়বাজার বাসস্ট্যান্ড থেকে পিতাম্বর্দী পর্যন্ত সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, ওই সড়কের মলয়বাজার, বরকোটা, ডেকরিখোলা, উত্তর চিনামুড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কে অসংখ্য বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়।
বরকোটার বাসিন্দা আলাউদ্দিন আহমেদ বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের কষ্টের শেষ নেই। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।

মলয়বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল খায়ের জাগো নিউজকে বলেন, এই রাস্তার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য করতে খুবই কষ্ট হচ্ছে। পণ্য আনা-নেয়া করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সরকারের কাছে আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) দাউদকান্দি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব রহমান জাগো নিউজকে জানান, সড়কটির বেহাল দশার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। বিল পাস হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।
এসআর/এমএস