প্রেমিকের দেখা না পেয়ে প্রতিবেশীর শিশু অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

বরিশাল থেকে ছুটে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে না পেরে কুমিল্লার চান্দিনায় প্রতিবেশীর ১০ মাসের শিশুসন্তানকে অপহরণ করেন সাবিনা আক্তার (২০) নামের এক তরুণী। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাইজখার গ্রামের মোহার আলীর বাড়ি থেকে শিশুটি অপহরণ করা হয়। পরে এ ঘটনায় সাবিনার বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মাওয়া ঘাট থেকে অপহৃত শিশু ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, চান্দিনার মাইজখার গ্রামের মো. ফারুকের সঙ্গে সাবিনা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হলে ফারুক যোগাযোগ বন্ধ করে দেন। দীর্ঘদিন প্রেমিকের খবর না পেয়ে বরিশালের কাউনিয়া উপজেলার দিবাকার গ্রাম থেকে সাবিনা কুমিল্লায় ছুটে আসে ফারুকের বাড়িতে। তবে সেখানে তার দেখা পাননি। এ সময় ফারুকের পরিবারের লোকজনও তাকে পাত্তা দেননি। পরে তিনি ক্ষুব্ধ হয়ে ফারুকের প্রতিবেশী এরশাদুল হকের বাড়িতে আশ্রয় নেন।

দুইদিন পরও ফারুকের সন্ধান না পেয়ে অবশেষে এরশাদুল হকের ১০ মাসের শিশুসন্তান আবু ছাহিদকে নিয়ে পালিয়ে যান সাবিনা। যোগাযোগ করা হলে তিনি শর্ত দেন ফারুককে হাজির করা না হলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না। বিষয়টি পুলিশকে জানানো হলে মঙ্গলবার সকালে মাওয়া ঘাট থেকে অপহৃত শিশুটিসহ সাবিনাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জাগো নিউজকে বলেন, সাবিনাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।