বরিশালে সড়ক দুর্ঘটনা: বাসচালককে খুঁজছে পুলিশ
বরিশালের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর পলাতক বাসচালক মো. আরিফ খানকে খুঁজছে পুলিশ। তার গ্রামের বাড়ি ও আশপাশে সাদা পোশাকে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ধরতে বিভিন্ন থানায় আরিফ খানের নাম-পরিচয় জানিয়ে বেতার বার্তা পাঠানো হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, বাসচালক আরিফ খানকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়াসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, বাসচালক আরিফ খানের গ্রামের বাড়ি ও আশপাশের এলাকা নজরদারির মধ্যে রাখা হয়েছে। ওই বাড়িতে যাওয়া-আসা প্রতিটি লোকের ওপর দৃষ্টি রাখা হচ্ছে। ঘটনার পর থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত আরিফ খান বাড়িতে আসেননি।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় চালককে আসামি করে একটি মামলার প্রস্তুতি চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এর আগে রোববার (২৯ মে) ভোরে ভান্ডারিয়াগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস উজিরপুরের সানুহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাইফ আমীন/আরএইচ/জিকেএস