গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো জাপা নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৩ নভেম্বর ২০২২

নোয়াখালী সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হামিদের (৫২) মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে কালাদরাপ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

নিহত ব্যক্তির চাচাতো ভাই সাহাব উদ্দিন বলেন, একটি পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দিতে নুরু পাটোয়ারীরহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। এ সময় সোনাপুর-আলেকজান্ডার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাথার পেছনের অংশে আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে আবদুল হামিদের মৃত্যু হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।