কুমিল্লায় নবজাতককে ফেলে মা উধাও


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০৬ এপ্রিল ২০১৬

কুমিল্লার দেবিদ্বারে নবজাতক এক কন্যাশিশুকে হাসপাতালে রেখে পালিয়েছে এক পাষণ্ড মা। মঙ্গলবার সকালে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে ওই শিশুকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ২৪/২৫ বছর বয়সী এক নারী শিশুটিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের নার্সদের কক্ষে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নূরজাহান বেগমের কোলে তুলে দিয়ে তিনি টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। এরপর থেকে আর ফিরে আসেননি।

সিনিয়র স্টাফ নার্স জিনাত আরা জানান, শিশুটি জন্মের ২/৩ ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসে তার মা। জন্মের পর নাভী কাটাসহ যাবতীয় কাজগুলো তখনো করা হয়নি। আমরা শিশুটির নাভী কেটে এবং শরীর মুছে অক্সিজেন লাগিয়ে দেই। পরে তরল দুধের ব্যবস্থা করি। শিশুটিকে দেখে আমার খুব মায়া হওয়ায় নিজেই শিশুটির লালন পালনের সিদ্ধান্ত নেই।

এরই মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপর সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলী তার ৪ বছর আগে বিবাহিতা কন্যা মৌসুমীর জন্য ওই বাচ্চাটি দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া আরও বেশ কয়েকজন নারী বাচ্চাটি দত্তক নেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন।

মঙ্গলবার রাতে এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ৩ জন সাক্ষীর উপস্থিতিতে শিশুটির দেখভাল ও লালন পালনের জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলীকে বুঝিয়ে দেয়া হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।