দশ মাস বয়সী ভাইকে কূপের মধ্যে ফেলে হত্যা


প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৭ মে ২০১৬

গাজীপুরে মাদকাসক্ত এক যুবক তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে নিজের ছোট ভাইকে কূপের মধ্যে ফেলে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিমারা এলাকায়। পুলিশ মাদকাসক্ত নিজাম উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে। নিহত মো. আলিফ (১০ মাস) হাতিমারা এলাকার বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই হারুন অর রশিদ জানান, হাতিমারা এলাকায় আয়ুব আলীর বাড়িতে বেশ কিছু দিন ধরে বাবুল মিয়া সপরিবারে বসবাস করে আসছেন। তার বড় ছেলে নিজাম উদ্দিন স্থানীয় একটি কারখানায় কাজ করতো। সম্প্রতি সে কারখানার চাকরি ছেড়ে দেয় এবং মাদকাসক্ত হয়ে পড়ে।

গত সোমবার সন্ধ্যার দিকে তার মায়ের কাছে কিছু টাকা দাবি করে। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এর কিছু সময় পরে নিজাম উদ্দিন ঘরে শুয়ে থাকা তার ১০ মাসের ছোট ভাই আলিফকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশে একটি কূপের মধ্যে ফেলে দেয়। এসময়ে মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন কূপ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং নিজমকে আটক করে।

খবর পেয়ে রাতেই পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার এবং নিজাম উদ্দিনকে আটক করে। ওই ঘটনায় শিশুটির পিতা বাবুল মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় বড় ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নিহত শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিজাম উদ্দিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।