প্রাণিসম্পদের ভুয়া অনুমতিপত্রের বিষয়ে সতর্ক করলো মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০২ মে ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‌‘প্রাণিসম্পদ অধিদপ্তর’-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্র প্রচার করা হচ্ছে, যা সঠিক নয় বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এ পত্রের সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি।

এতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানাচ্ছে যে, অনুমতিপত্রটি অধিদপ্তরের ইস্যুকৃত নয়, এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

এতে আরও বলা হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছে এবং যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সঠিক তথ্যের জন্য শুধু প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।