শনিবার খোলা থাকছে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের দপ্তর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটির ক্ষতিপূরণ ও দাপ্তরিক কাজের সুবিধার্থে আগামী ২৩ ও ২৪ মে শনি ও রোববার সব আদালত খোলা থাকবে।
সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত পৃথক দুটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
অধস্তন (নিম্ন) আদালত ও ট্রাইব্যুনালগুলোর জন্য জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ ও ২৪ মে যথানিয়মে সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে এবং নিয়মিত বিচারিক কার্যক্রম ও মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
হাইকোর্ট ও আপিল বিভাগের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। তবে বিচার বিভাগের বিশেষ কাঠামোর কারণে আদালতের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।
এমন অবস্থায়, প্রধান বিচারপতির নির্দেশনাক্রমে ঈদুল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ছুটির পূর্বে ২৩ মে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কেবল দাপ্তরিক বা অফিসিয়াল কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু থাকবে।
ঈদের ছুটির আগে শনিবার আদালত খোলা থাকার কারণে আইনজীবীরা তাদের জরুরি মোশন, জামিনের আবেদন ও মামলার ফাইলিং সম্পন্ন করতে পারবেন, যা বিচারপ্রার্থীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
এফএইচ/একিউএফ