এএমসিএল প্রাণের আয় বেড়েছে ১২.৫ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ৩ মাসে প্রতিষ্ঠানটি কর পরবর্তী মুনাফা করেছে ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, গত ৯ মাসে (জুলাই ১৪-মার্চ ১৫) প্রতিষ্ঠানটি কর পরবর্তী মুনাফা করেছে ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৩ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ৩৯ পয়সা।
২০১৪ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/এমএস